রাজধানীর যাত্রাবাড়ী থানার মোমিনবাগে পুলিশের গুলিতে জাকির হোসেন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক পেট্রোল বোমা ছুড়ে পালানোর সময় পুলিশ গুলি করে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীর মোমিনবাগে রবিবার দুপুর ১টার দিকে জাকির হোসেন একটি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় উপস্থিত টহলরত পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে আটক করে যাত্রাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাসেল ঢামেক হাসপাতালে ভর্তি করিয়েছেন।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) অবনি শংকর জানান, ওই যুবক বোমা ছুড়ে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছে।
