রাজধানীর বিজয় নগর এলাকা থেকে থানায় নিয়ে নিউএজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং আরেক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক সভায় পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশের রমনা জোনের এডিসি আশফাকুল ইসলাম, এসি শিবলী নোমান, রমনা থানার ওসি মশিউর রহমান ও পরিদর্শক (তদন্ত) আলী হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সানাউল হক সানী, নিউএজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মুক্তাদির রশীদ রোমিও প্রমুখ।
গত ১ ফেব্রুয়ারি বিজয় নগর এলাকায় কথাকাটাকাটির জের ধরে নিউএজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র নাজমুল হুদা সুমন এবং ব্যবস্থাপনা বিভাগের ছাত্র খায়রুজ্জামান শুভকে বেধড়ক মারধর করেন কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় মোস্তফা নামে এক এসআইকে ঘটনার পরদিন প্রত্যাহার করা হয়েছিল। তবে হোতা মেহেদীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়ে আসছিলেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। সভায় সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর অমানবিক নির্যাতনের ঘটনার জন্য পুলিশের প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করেছেন এবং সাময়িকভাবে রমনার পুলিশের এসআই মেহেদীকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে।
