শ্যালিকা লাকি আক্তারকে হত্যার অভিযোগে ভগ্নিপতি আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সহযোগিতা করার জন্য লাকির মামা মো. ফজলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গবার নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় প্রদান করেন। আদালত একই মামলার অপর আসামি নিহতের মামা জামাল উদ্দিনকে বেকুশুর খালাস দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৯ জুন গভীর রাতে নোয়াখালী জেলা কারগারের সুইপার কলোনীতে লাকির বড় ভগ্নিপতির বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে ছোট ভগ্নিপতি আলমগীর হোসেন ও তার কয়েকজন সহযোগী। তারা লাকিকে চুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের বড় ভগ্নিপতি আলম বাদী হয়ে সুধারাম থানায় আলমগীর হোসেন ও লাকির দুই মামাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ৫/৬ মাস পূর্বে আলমগীর হোসেন তার অবিবাহিত শ্যালিকা লাকিকে ঢাকায় বেড়ানোর নাম করে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় সালিশদাররা আলমগীর হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করলে তিনি লাকির প্রতি ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান।
