পরিকল্পিত নগরী গড়তে নিম্ন আয়ের মানুষের আবাসনের বিকল্প নেই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত নগরীর জন্য নিম্ন আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা। এসডিজির লক্ষ্যমাত্রা বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও পরিবেশ সুরক্ষার্থে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের অগ্রাধিকারের ভিত্তিতে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নিম্ন আয়ের মানুষের আবাসন : পরিবেশ দূষণ ও পরিকল্পিত নগরী’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ঢাকা নগরের তিনভাগের একভাগ মানুষ বস্তিবাসী ও ভাসমান। যারা এই নগরকে সচল রাখে কিন্তু এই নগর তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। একের পর এক বস্তি উচ্ছেদ, অগ্নিকাণ্ড, হামলা করে বস্তিবাসীদের বিতাড়ন করা হয়। তাই সরকারের উচিত তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা।

পবা’র চেয়ারম্যান আবুু নাসের খান বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে বস্তিবাসীদের এই পরিকল্পনার বাইরে রাখলে চলবে না। বস্তির সাধারণ মানুষরাই এই নগরের সকল কিছুই পরিচালনা করেন। পরিবেশ সুরক্ষার জন্য বস্তিবাসীদের পরিকল্পিতভাবে আবাসন সুবিধার মধ্যে আনতে হবে। অপরিকল্পিত আবাসন এই শহরের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই বস্তিবাসীসহ সকলের জন্যই পরিকল্পিত আবাসনের কোনো বিকল্প নেই।

ঢাকায় বসবাসকারী সকল মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুন্দর আবাসন ব্যবস্থা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। যদিও বস্তিবাসীদের জন্য সরকারিভাবে তৈরি করা প্রথম ভাষানটেক আবাসিক প্রকল্প বাস্তবায়ন এবং ব্যবস্থাপনায় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। তারপরও সরকারিভাবে আরো বেশকিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মো. হিসাম উদ্দিন চিশতী ও মো. জাহাঙ্গীর আলম। আলোচনা করেন গবেষক পাভেল পার্থ, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কুলসুম বেগম, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সহ সভাপতি হারুনুর রশিদ, নুরুজ্জামান প্রমুখ। উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরের বস্তিবাসীদের আবাসন সংকটসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন ঝুমুর আক্তার, ইয়ানুর বেগম, শাহিদা বেগম, রমজান আলী, রোমান হোসেন প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন পবার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল।