কালিয়াকৈরে ছয় ডাকাতকে জনতার গণধোলাই, অস্ত্র উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জনতার হাতে আটক ছয় ডাকাত গণধোলাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার  রতনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। আটক ডাকাতদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি পিস্তল,  তিনটি রামদা ও  ককটেল  উদ্ধার করা হয়।  
গ্রামবাসী জানায়, ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত ওই রাতে উপজেলার রতনপুর গ্রামের  আমজাদ হোসেনের বাড়ির ঘরের দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল এ সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণের অলংকারসহ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসতে থাকলে ডাকাতদল কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে বিষয়টি মসজিদের মাইকে প্রচার করা হলে শত শত গ্রামবাসী ডাকাতদলকে ঘেরাও করে ছয়জনকে আটক করে গণধোলাই দেয়। ডাকাতদলের অন্যরা কৌশলে জনতার সাথে মিশে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছয় ডাকাতকে উদ্ধার করে। আটক ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে উপজেলার রতনপুর ঈদগা মাঠ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি পিস্তল উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো.  রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ডাকাতদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।