মোংলা বন্দরে রেকর্ড একশ জাহাজ এসেছে চলতি মাসে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

প্রতিষ্ঠার ৬৯ বছরের মাথায় সর্বোচ্চ জাহাজ আগমনের রেকর্ড করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরেই পর পর দুইবার এ রেকর্ডের সৃষ্টি হয়েছে। গত নভেম্বরে এ বন্দরে ৯১টি জাহাজ আসায় বিগত ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ করে। আর ফ্রেব্রুয়ারিতে মোংলা বন্দরে জাহাজ ভিড়েছে ১০০টি। এর আগে ডিসেম্বরে ৮২টি ও জানুয়ারিতে ৮৭টি জাহাজ এসেছে।  মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, এ বন্দরে এক সময়ে বছরে মাত্র ৭০/৮০টি জাহাজ আসতো। এখন সেখানে প্রতি মাসে ৭০/৮০টি ছাড়িয়ে ১০০টিতে উন্নীত হয়েছে। তিনি বলেন, ১০০টি জাহাজ আসার ঘটনা একটি রেকর্ড। আমরা আশা করছি, পদ্মা সেতু, মোংলা-খুলনা রেল লাইন, রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র ও খানজাহান আলী বিমান বন্দরের কাজ সম্পন্ন হলে মোংলা বন্দরে জাহাজের আগমন আরো বেশি বৃদ্ধি পাবে।  তিনি আরো বলেন, বুধবার একনেকে মোংলা বন্দরের উন্নয়নে ৪৩৩ কোটি টাকা ব্যয়ে ৭৫টি কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দরের উপর যে চাপ বাড়বে, সেজন্য এখন থেকেই বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।