চান্দিনা বাজারে অগ্নিকাণ্ডে ৩৩ দোকান ছাই

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১৩
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৩টি দোকান ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বাজারের চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে। এতে পৃথক দুটি মার্কেটের ৩৩টি দোকানসহ চৌধুরী পরিবারের একটি রান্না ঘর এবং একটি বসত ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা বাজারে জনতা ব্যাংক সংলগ্ন বামুন চৌধুরী টিনসেট মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে সবকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস, দাউদকান্দি, কুমিল্লা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে চৌধুরী টিন সেট মার্কেট ভস্মীভূত হয়ে দ্বিতল মার্কেটে ছড়িয়ে পড়ে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদের নেতৃত্বে থানা পুলিশ, বিজিপি সদস্যসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে।
চান্দিনা ফায়ার সার্ভিটের স্টেশন মাস্টার ইয়াছিন প্রধানিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে সরাসরি গাড়ি প্রবেশ করতে না পারায় আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় প্রায় পৌঁনে দুই ঘন্টা পর রাত সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।