মেলার শেষ নেই আনন্দের শেষ নেই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪

বইমেলা বাঙালির সাংস্কৃতিক উত্সব; আজ বইমেলা শেষ হচ্ছে আবার বইমেলা শুরুর নব প্রত্যাশা নিয়ে। আনন্দের কোনো শেষ নেই, এ হচ্ছে এক অবিরল ধারা অনিঃশেষ প্রাণের ভেতরে প্রবাহিত হয়।

বইমেলা বাঙালির জীবনের জ্ঞান-পিপাসাকে প্রসারিত করছে ধীরে ধীরে। মানুষ কমবেশি বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছে, অক্ষর হাতে নিচ্ছে, বই নিয়ে আনন্দ করছে, এক মাস বইয়ের সঙ্গে থাকছে। আমাদের পত্র-পত্রিকা টিভি চ্যানেল পোস্টার বিজ্ঞাপন—মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে মেলার কথা, বইয়ের কথা। বইয়ের সঙ্গে পরিচিত হচ্ছে মানুষ। অতি সাধারণ মানুষেরাও শহর থেকে গ্রাম-গ্রামান্তর পর্যন্ত সর্বত্র বইয়ের কথা শুনতে পাচ্ছে। বই গুঞ্জরিত হচ্ছে মানুষের মনে মনে। বইমেলা হয়ে উঠেছে যেন আমাদের বসন্তের মেলা, আমাদের প্রাণের মেলা।

এর অভাব ঘাটতি এসব নিয়ে আমি কথা বলব না। এসব বলা আমার অভ্যাস নয়। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আশা করতে ভালোবাসি, মানুষের সুখ দেখতে ভালোবাসি। এক মাস মানুষ বইয়ের আনন্দের মধ্যে থাকছে, অক্ষরের গন্ধের মধ্যে থাকছে, রমনা উদ্যান হয়ে উঠছে বইয়ের উদ্যান। এই উদ্যান একদিন আরও বিশাল হয়ে  উঠবে। রমনা উদ্যানের সারা আকাশ ভরে যাবে অক্ষরে, চিত্রে, শোভায়। সারা অঞ্চলটি হয়ে উঠবে বইয়ের দেশ, কবিতার দেশ, গান ও ছন্দের দেশ। শিশু-কিশোরদের হাতে শোভা পাবে রঙিন বিচিত্র সব নতুন বই-এ কথা ভেবে সে আনন্দে আমার মন ভরে ওঠে।

আমি বইমেলার শুরু দেখেছি। একেবারে প্রথম বইমেলা। তারপর আমার তারুণ্য ও যৌবনের দিনগুলোতে স্ত্রী-পুত্রদের নিয়ে সারাদিন মেলায় কাটিয়েছি। মেলায় যেতে পারি না বটে কিন্তু মেলার সঙ্গেই আছি। বহুজনের আমন্ত্রণ পেয়েছি একবার মেলায় যাওয়ার জন্যে। আমি তাদের বলেছি, আমি মেলাতেই আছি, তোমাদের সঙ্গেই আছি।