রাজশাহীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলমের নির্দেশে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিসিও) শফিকুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় প্রকৌশলী (লোকো) মোহাম্মদ কামরুজ্জামান ও বিভাগীয় প্রকৌশলী (সংকেত) মিজানুর রহমান। কমিটিকে একসপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এ ঘটনা ঘটে। আজ শনিবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
