কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের তিলিপ দরবার শরীফের গনিয়া কমপ্লেক্সের হেফজখানা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ‘বিষ মেশানো’ রাতের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের নাঙ্গলকোট উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সার পর গুরুতর অসুস্থ ৩ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষের বোতলটি উদ্ধার করেছে। ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিলিপ দরবার শরীফের গনিয়া কমপ্লেক্সের লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালক মাওলানা গিয়াসউদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় বোর্ডিংয়ের বাবুর্চি খাবার তৈরি করে এশার নামাজ পড়তে গেলে সবার অজান্তে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রুতাবশত রাতের সবজি তরকারির সাথে বিষ মিশিয়ে দেয়। রাতে শিক্ষার্থীরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
