মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলি, ৮ জেলে গুলিবিদ্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১০
বরগুনার পাথরঘাটা থেকে এক’শ ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জলদস্যুদের গুলিতে আট জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। রবিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলেদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বেলা সাড়ে এগাটার দিকে পাথরঘাটা ফিরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন, সোনার চর এলাকায় মাছ ধরার সময় পাথরঘাটার আলম মোল্লার মালিকানাধীন, এফবি মহসিন আউলিয়া-১, ৩ ও ৪ নামের তিনটি ট্রলারে ধাওয়া করে জলদস্যুরা। ধাওয়া খেয়ে জেলেরা ট্রলার নিয়ে দ্রুত পালাতে চেষ্টা করলে দস্যুরা ট্রলার লক্ষ করে গুলি চালায় । এ সময় ওই তিন ট্রলারে থাকা নুরুল ইসলাম, কবীর হাওলাদার, মাসুদ, লিটন, খোকন, সাইদুল, লিটু এবং ফোরকান মাঝি নামের আট জেলে গুলিবিদ্ধ হন।
এর আগে জলদস্যু বাহীনি এফবি স্বাধীন, এফবি শামীম ও আল্লাহর দান নামের তিনটি ট্রলারে দস্যুতা চালিয়ে জাল ও অন্যান্য মালামাল লুটে নেয়।
সোমবার বেলা সাড়ে এগটার দিকে গুলিবিদ্ধ জেলেদের পাথরঘাটায় নিয়ে আসা হয়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফ জানান, আহত জেলারা ঘাড়ে, পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নূরুল ইসলাম, কবীর হাওলাদার, মাসুদ এবং লিটনের অবস্থা আশঙ্কাজনক।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. রাহাতুজ্জামান জানান, সোনার চর এলাকায় দস্যুদের ছোড়া গুলিতে আট জেলে আহত হওয়ার খবর তারা পেয়েছেন। জলদস্যুদের ধরতে কোস্টগার্ড ওই এলাকার বিশেষ অভিযান পরিচালনা করবে।