ফেল করলেও ভর্তি করাতে হবে: দাবি জাবি কর্মচারীদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪৩
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং কর্মচারীরা। শিক্ষার্থীদের প্রতি সমর্থন পোষণ করছেন শিক্ষকদেরও একটি অংশ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শতকরা ৩৫ নম্বর পেলেই একজন পোষ্য বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগে ভর্তির সুযোগ পান। গত বছরের আগস্ট মাসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১৩৯ জন পোষ্যের মধ্যে ৩৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৪৩ জন। বাকি ৯৬ জন পোষ্যই অনুত্তীর্ণ হয়েছেন।অনুত্তীর্ণদের ১০ নম্বর গ্রেস দিয়ে ভর্তি করানোর জন্য আন্দোলন শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে তারা মঙ্গলবার ও বুধবার ধর্মঘটেরও ডাক দিয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি করা হলে আন্দোলনের হুমকি দিয়েছে ‘সাধারণ শিক্ষার্থী’ ও ‘আধিপত্য, বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’র ব্যানারে বামপন্থি শিক্ষকরা। সোমবার সাধারণ শিক্ষার্থী ব্যানারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে পোষ্যদের জন্য আলাদা কোনো নিয়ম হতে পারে না। অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করা ও সকল কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটার আসন নির্ধারণের দাবিতে বুধবার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে তারা।