পলাশবাড়িতে ‘বন্ধুকযুদ্ধে’ শিবির ক্যাডার নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বুড়িরঘর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তফা মঞ্জিল (৩২) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। মোস্তফা মঞ্জিল গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের মীরপুর গ্রামের জসিজুল মাস্টারের ছেলে। ঘটনাস্থল থেকে সাতটি পেট্রোল বোমা, দুইটি আগ্নেয় অস্ত্র (একটি বিদেশী পিস্তল ও একটি দেশী বন্দুক) ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন সিদ্দিক জানান,  ভোর পাঁচটার দিকে র‌্যাবের একটি টহল দল পলাশবাড়ী থেকে গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। পথে ওই এলাকায় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় র‌্যাব অ্যাকশনে যেতে গাড়ি থেকে নেমে অবস্থান নিলে দুবৃর্ত্তরা গুলি ছোড়ে। র‌্যাবও এ সময় পাল্টা গুলি ছোড়ে। একপর্য়ায়ে গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে এসব পেট্রোল বোমা, আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক গুলি লেগেছে। সকালে লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, সম্প্রতি গাইবান্ধার তুলসীঘাটে পেট্রোল বোমা ছুড়ে আট বাসযাত্রীকে পুড়ে হত্যা ও ২৩ জনকে দগ্ধ করার মামলার এক নম্বর আসামি ছিলেন মোস্তফা মঞ্জিল (৩২)। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মোস্তফা মঞ্জিল শিবিরের একজন সক্রিয় সদস্য ছিলেন।