কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

কুমিল্লার হত্যা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত ৪ ফেব্রুয়ারি নিম্ন আদালত খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আট যাত্রী আগুনে মারা যায়। এতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।