রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা হামলা করা হয়েছে। এতে বাসের সুপারভাইজার ওমর ফারুক (৩৪) ও হেলপার সুমন (২৫) আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকায় ‘আকিব পরিবহন’ নামে একটি বাসে এই হামলার ঘটনা ঘটে। আহত হেলপার সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুপারভাইজার ওমর ফারুক জানান, তারা বাস নিয়ে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। পথে বিনোদপুর এলাকায় আসলে অবরোধকারীরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। বোমার স্প্রিন্টারের আঘাতে হেলপার সুমন ও তিনি নিজে আহত হন।
নগরীর মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
