হেলে পড়ার একদিনের মাথায় ৬ তলা ভবনটি ভেঙে সরিয়ে ফেলেছে রাজউক। রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার ৫৬ নম্বর ওয়ার্ডের খলিফাঘাট এলাকায় কাজী বাড়ি রোডের ছয় তলা বাড়িটি গত সোমবার হেলে পড়ে। মঙ্গলবার রাত থেকে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে রাজউক। বাড়ি ভেঙে ফেলার জন্য যন্ত্রপাতি ঘটনাস্থলে প্রবেশ করাতে গিয়ে আশেপাশের ১৫টি টিনশেড ঘর ভেঙে যায়। এতে অন্তত ৭০টি পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। অবশ্য রাজউক বলেছে, সরু রাস্তায় যন্ত্রপাতি প্রবেশ করাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। রাজউক থেকে ঘরগুলো মেরামত করে দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় তলা বাড়িটি চার মাস আগে ৮৮ লাখ টাকায় আব্দুল কাদের তার স্ত্রী জোবেদা বেগমের নামে ক্রয় করেন। যদিও ৬ তলার কাজ শেষ হয়নি। সোমবার ভবনটি ঝাঁকুনি দিয়ে হেলে পড়ে। রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন এসময় উপস্থিত ছিলেন। ভবন ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সিটি কর্পোরেশন ও রাজউকের কাছে না থাকায় বিআইডব্লিউটিএ’র কাছ থেকে চেয়ে নেয়া হয়। বুধবার সকাল ৭টার মধ্যে বাড়িটি ভেঙে সরিয়ে ফেলার কাজ শেষ হয়। ওই বাড়ির আশেপাশের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ’র বাড়ি ভাঙার যন্ত্রপাতি প্রবেশ করার সময় তাদের ঘর ভেঙে যায়। এ ব্যাপারে রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী বলেন, যন্ত্রপাতিগুলো বড় হওয়ায় এ ঘটনা ঘটেছে। আমরা ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করে দেব।
