ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ। প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতাদের উদ্দেশে বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন খুব তাড়াতাড়ি হবে। আপনারা যারা সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান, তারা এখনই প্রস্তুতি নিন।
ডিসিসি নির্বাচনে আমাদের বিজয়ী হতেই হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের মানুষের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করতে হবে। এলাকায় আরো বেশি সময় দেয়ার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, হাজী মোহাম্মদ সেলিম এমপি, আওলাদ হোসেন, মুকুল চৌধুরী, ডা. দিলীপ রায়, জাহানারা বেগম প্রমুখ।
