ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঈশ্বরগঞ্জ থানা ওসি মো. আক্তারুজ্জামানসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার সোহাগী বাজার এই 'বন্ধুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত খোকন 'আন্তঃজেলা মাদক সম্রাট' হিসেবে পরিচিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, বুধবার মধ্যরাতে উপজেলার সোহাগী বাজারে 'আন্তঃজেলা মাদক সম্রাট' খোকন ও তার সঙ্গীদের সাথে পুলিশের 'বন্দুকযুদ্ধ' হয়। এতে অন্যরা পালিয়ে গেলেও খোকন গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৪টি ককটেল উদ্ধার করে।
খোকনের লাশ ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে।
