গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত এবং একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন জাহাঙ্গীরপুর গ্রামের আ: জব্বারের পুত্র বাচ্চু মিয়া।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহসিন উল কাদির জানান, জাহাঙ্গীরপুর গ্রামের আ: জব্বারের পুর বাচ্চু মিয়া এবং রমিজ উদ্দিন ফকিরের পুত্র তাইজুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আজ বিরোধপূর্ণ জমি নিয়ে কাওরাইদ ইউনিয়ন পরিষদে শালিসের দিন ধার্য্য ছিল। তাইজুদ্দিন সালিসে না গিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় তাইজুদ্দিনের নেতৃত্বে ৩০/৩৫জন ভাড়াটে সন্ত্রাসী দা, লাঠি নিয়ে বাচ্চু মিয়া ও তার পরিবাারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলা উপর্যুপরি দায়ের কুপে বাচ্চু মিয়া, তাইজুদ্দিন, আন্নাছ আলী, এজাহার মিয়া, সবুজ, ইসলাম উদ্দিন, রিপন ও মল্লিকা বেগম আহত হয়। আহতদের শ্রীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে মুমুর্ষ অবস্থায় বাচ্চু মিয়া ও আন্নাছ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। পথে বাচ্চু মিয়া (৩৫) মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সায়েলা শারমীন জানান, আহত ৫ জনকে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।
