আইন-শৃংখলা বাহিনী দিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারেনি: খন্দকার মাহবুব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে অতীতে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না, তাদের চলে যাওয়া সময়ের ব্যাপার। এখনো সময় আছে—দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘সংবিধান, আইনের শাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদধারী ব্যক্তিবর্গের আইন ভঙ্গের উসকানি:আইনগত ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মূল সমস্যা এড়িয়ে সবকিছুকে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখাতে চাইছে। কথায় কথায় জঙ্গিবাদের কথা বলছে। দেশের জনগণ এত বোকা নয় যে তাদের এসব মিথ্যাচার বিশ্বাস করবে। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষ, জাতিসংঘসহ সব বিদেশি কূটনীতিকরা সংলাপের কথা বলছেন। কিন্তু সরকার কর্ণপাত করছে না। এর পরিণতি কখনো শুভ হতে পারে না।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৫ জানুয়ারির পর যে ২১ জনকে মেরেছেন, তাদের একজনকেও পেট্রোল বোমা ছোড়া অবস্থায় আপনারা গুলি করে মেরেছেন?  বরং একজন ছাত্রদল নেতা তার ভাইকে জেলখানায় দেখে ফিরে আসার পথে তাকে উঠিয়ে নিয়ে মেরে ফেলা হয়েছে। এক্ষেত্রে কি ‘আত্মরক্ষার জন্য হত্যা’ করা হয়েছে? কাজেই এসব ঘটনা একটা ‘নির্জলা হত্যাকাণ্ড’। তিনি আরো বলেন, সংলাপের দাবি একটা বৈধ দাবি। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদের ঢালাওভাবে গ্রেফতার, নির্যাতন এবং অনেক ক্ষেত্রে গুলি করে ‘হত্যা’ করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহার করছে। এই সরকারের ভিত্তি হলো মিথ্যাচার করা। সভায় বক্তব্য রাখেন—বারের সিনিয়র সহ-সভাপতি এম খালেদ আহমেদ, রফিকুল ইসলাম মেহেদী, সহ-সম্পাদক নাসরীন আক্তার, এম তাজুল ইসলাম প্রমুখ।