পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রাম থেকে একটি বাঘ ও ১৪টি হরিণের চামড়া এবং ২ লক্ষ টাকার জালনোটসহ শুক্রবার সকালে দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
আটককৃতরা হলেন- উপজেলার তেলিখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাবুল মাতুব্বর ও টমটম চালক মামুন।
বরিশাল র্যাব-৮ এর এএসপি জসিম উদ্দীন সাংবাদিকদের জানান, র্যাবের একটি দল ক্রেতা সেজে বাবুলের কাছ থেকে বাঘ ও হরিণের চামড়া কেনার চুক্তি করে। এরপর আজ ভোর পাঁচটার দিকে চামড়া নিয়ে একটি টমটমযোগে তেলিখালি-ইকড়ি রাস্তার মোড়ে আসার পর র্যাব সদস্যরা বাবুলকে আটক করে। এ সময় টমটমে থাকা বাঘ ও হরিণের চামড়া ছাড়াও বাবুলের কাছ থেকে ২০০টি ১০০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেন র্যাব সদস্যরা। বাবুল ঘটনাস্থল থেকে পালাতে চাইলেও, তিনি ব্যর্থ হন।
