প্রথম মুদ্রণের ১০০ বছরেরও বেশি সময় পরে শার্লক হোমসকে নিয়ে লেখা গল্প পুনরায় আবিষ্কৃত হয়েছে।
১৯০২ সালের বন্যায় স্কটল্যান্ডের সেলকির্কের একটি কাঠের সেতু ধ্বংস হয়ে গিয়েছিল। ১৯০৪ সালে নতুন সেতু গড়ার জন্য তিনদিনের কর্মসূচি আয়োজন করে। সেখানে একটি ছোটগল্পের বই প্রকাশ করার উদ্যোগ নেয়া হয় যেটির মাধ্যমে পাওয়া অর্থ ব্রিজ নির্মাণে ব্যয় করা হবে।
সেলকির্কে প্রায়ই ঘুরতে আসতেন স্যার আর্থার কোনান ডয়েল। সেখানকার অধিবাসীদের উদ্যোগের কথা জানতে পেরে তিনি ‘শার্লক হোমস: ডিসকভারিং দ্য বর্ডার বার্গস এন্ড, বাই ডিডাকশন, দ্য ব্রিগ বাজার’ নামে একটি ছোটগল্প লিখে ফেলেন। ১৩০০ শব্দের লেখা ঐ গল্পটি ‘বুক ও’ দ্য ব্রিগ’ গ্রন্থে সংকলিত হয়।
ওয়াটসনকে সঙ্গে নিয়ে শার্লক হোমস সেলকির্কে বেড়াতে আসছেন এই ছিল সেই ছোট গল্পের বিষয়বস্তু।
সম্প্রতি ৮০ বছর বয়সী ওয়াল্টার এলিয়ট তার বাড়ির চিলেকোঠায় অন্যান্য বইয়ের সঙ্গে এটি খুুঁজে পান।
এলিয়ট জানিয়েছেন, ৪৮ পাতার বইটির একটি কপি প্রায় ৫০ বছর আগে তাকে এক বন্ধু উপহার দিয়েছিলেন। সম্প্রতি চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে তিনি এই বইটি পান।
গোটা গল্প সংকলনটি ক্রস কিজ সেলকির্ক পপ-আপ কমিউনিটি মিউজিয়ামে সাধারণ মানুষকে দেখানোর জন্য রাখা হবে। সূত্র: বিবিসি।
