সোনারগাঁওয়ে ৮টি পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৯

উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়া ওই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে শনিবার দুপুরে নেশার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে বিভিন্ন যানবাহনে নাশকতা চালানোর জন্য একটি দুস্কৃতিকারী চক্র ওই পরিত্যক্ত বাড়িতে পেট্রোল বোমাগুলো মজুদ রেখেছে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ব্রাক হাসপাতালের পেছনে ব্যবসায়ী নেছার উদ্দিন মিয়ার বাড়ির পরিত্যক্ত ঘরে স্থানীয় একটি দুস্কৃতিকারী চক্র ৮টি তাজা পেট্রোল বোমা এনে মজুদ করে রাখে। চক্রটি পরিত্যক্ত ওই ঘরটিতে বসে সম্প্রতি মাদক সেবন, জুয়া খেলা, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়াসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ওই বাড়ির একটি ঘর থেকে ২টি করে কসটিপে মোড়ানো ৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে। এছাড়াও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় বিভিন্ন যানবাহনে নাশকতা চালানোর জন্য পেট্রোল বোমাগুলো ওই পরিত্যক্ত ঘরটিতে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে।