পাকিস্তানকে দল পুনর্গঠনে নজর দিতে বললেন ওয়াসিম আকরাম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৯
 
 
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছেন পাকিস্তান। ঐ খেলাগুলোয় পাঁচজন স্বীকৃত বোলার না খেলানোর বিষয়ে দলীয় ব্যবস্থাপনা এবং অধিনায়ক মিসবাহ-উল-হকের সমালোচনা করেছেন কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ‘বেশ কয়েকমাস যাবতই আমি এই বিষয়টি লক্ষ্য করছি। প্রতি ম্যাচেই তারা চারজন বোলার নিয়ে মাঠে নামছে। কিন্তু এর ফলে তারা দলের শক্তিশালী বিভাগকে দুর্বল করে দিচ্ছে। একজন অতিরিক্ত ব্যাটসম্যান দলে নিয়েও আমরা রান তাড়া করতে পারছি না। এটা সত্যিই হতাশাজনক এবং এর ফলে পাকিস্তান বেশী সমস্যায় পড়ছে। তাদের অবশ্যই দ্রুত দল পুনর্গঠনে নজর দিতে হবে।’
 
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাত্কারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, ‘এখনো দলের জয়ের ব্যাপারে আমি দারুণ আশাবাদী। না হলে  এবার একটু আগেই তাদের দেশে ফিরে যেতে হবে। মাঠে যেসব সমর্থকরা উপস্থিত থাকে তারা তো আছেনই দেশেও যে কোটি কোটি ভক্ত রয়েছে তাদের প্রতি খেলোয়াড়দের অবশ্যই কিছুটা হলেও অনুভূতি থাকা উচিত, তাদের প্রতি খেলোয়াড়রা যে প্রতিশ্রুতিবদ্ধ সেটা মাথায় রাখতে হবে।’
 
 
বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই দারুণভাবে ব্যর্থ হয়েছে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৭৬ রানের পরাজয়ের পরে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানে বিধ্বস্ত হয়। দুটি ম্যাচের সব বিভাগেই পাকিস্তানি খেলোয়াড়রা ছিলেন ব্যর্থ।
 

ওয়াসিমের মতে, ওয়েস্ট ইন্ডিজের পুনর্জাগরণ থেকে পাকিস্তানের উদাহরণ নেয়া উচিত। ওয়াসিম বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পরেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ফিরে এসেছে তা সত্যিই অনুকরণীয়। ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচে নাসির জামশেদ যেভাবে কোনো রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিল তারপর তাকে পুনরায় দলে নেয়ার কোনো মানে হয় না। শনিবারের ম্যাচেও দ্বিতীয় বলেই আউট হয়ে জামশেদ ফিরে গেছেন।