ডি ভিলিয়ার্সকে জরিমানা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০২
 
 ভারতের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল অনুষ্ঠিত ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। 
আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো অভিযোগ করে বলেছেন দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার পিছনে ছিল। যা অবশ্যই বিবেচনাযোগ্য। শাস্তি হিসেবে অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা হলেও দলের প্রতিটি খেলোয়াড়কে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। 
এই টুর্নামেন্টে আবরো যদি দক্ষিণ আফ্রিকা ধীর গতির ওভার রেটের কারণে দোষী সাব্যস্ত হয় তবে ডি ভিলিয়ার্সকে এক ম্যাচ বহিষ্কার করা হবে। 
চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডি ভিলিয়ার্স ধীর গতির ওভার রেটের জন্য অভিযুক্ত হরেন। 
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর নভেম্বরে পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তাকে জরিমানা করা হয়েছিল। এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি দলকে সতর্ক করে দিয়েছিল। সে কারনেই দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে এখন বেশ সতর্ক হয়েই মাঠে নামতে হবে। 
এক বিবৃতিতে আইসিসি বলেছে, একজন অধিনায়ক যদি এবারের টুর্ণামেন্টে দুটি ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে এক ম্যাচ বহিষ্কার করা হবে। কিন্তু যেহেতু ১২ মাসের মধ্যে সে দ্বিতীয়বারের মতো একই অপরাধ করেছে তাই এবারের টুর্ণামেন্টে আর কোন অপরাধ না করলে টুর্ণামেন্টের পরে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেই তিনি দলের বাইরে থাকবেন।
এ কারণে বিশ্বকাপের পরে আগামী জুলাইতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের প্রথম ম্যাচে ডি ভিলিয়ার্স খেলতে পারছেন না বলেই ধরে নেয়া যায়।