অবশেষে একজনের কপাল পুড়ে হলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার শফিউল ইসলাম। এর আগে হ্যাপির সঙ্গে প্রতারণার অভিযোগে রুবেলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে উঠলে আলোচনায় আসেন তিনি।
দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে দল থেকে বাদ পড়া আরেক পেসার আল-আমিনের জায়গায় এই সুযোগ পাচ্ছেন শফিউল। সোমবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেয়ার অনুমোদন দিয়েছে। আজ রাত নয়টায় মেলবোর্নের উদ্দেশে দেশ ছাড়বেন শফিউল।
এর আগে রবিবার বিবিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে ম্যানেজারের প্রতিবেদন পেয়ে বিসিবি বিধি-নিষেধ ভাঙার ব্যাপারে নিজস্ব তদন্ত করবে।
