চরমোনাই মাহফিলের জন্য আসা ৩ শতাধিক মুসল্লী নিয়ে একটি লঞ্চ দূঘর্টনাকবলিত হয়েছে। এতে একজন নিখোঁজ ও ১০ জন আহত হলেও বাকী যাত্রীরা ভাগ্যের জোরে রক্ষা পান। সোমবার সকাল ৮ টায় ভোলার মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার ঘাট থেকে মুসল্লীদের নিয়ে লঞ্চটি রওয়ানা হয়। সন্ধ্যায় লঞ্চটি চরমোনইয়ের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে একটি কার্গো ধাক্কা দেয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। নদী থেকে সাতরিয়ে তীরে উঠা যাত্রীদের ১০ জন কার্গোর ধাক্কায় আহত হয়েছে। বাসার (২৫) নামের এক মুসল্লী রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন লঞ্চের যাত্রী ও ষ্টাফরা। আহতদের মধ্যে জাফর, আলাউদ্দিন, আজাদ এর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
লঞ্চের যাত্রী মনপুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজির আহমেদ মিয়া জানান- নিখোঁজ বাসার মনপুরার বাসিন্দা। তার খোঁজে অনুসন্ধান চলছে।
