ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল (২৭)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাতেরপুল এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোহেল মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ভাটবাউর এলাকায় পৌঁছালে পেছন থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার এসআই রহমত আলী জানান, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
