জয়পুরহাটে বাস ও ট্রাকে পেট্রোল বোমায় আহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৭

জয়পুরহাট-বগুড়া সড়কের মাটির ঘর নামক স্থানে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পুড়েছে ঢাকাগামী কোচ ও কলা ভর্তি একটি ট্রাক। এ ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় শ্যামলী পরিবহন ধামইরহাট ও জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এর পেছনে কলাভর্তি একটি ট্রাকও ছিল। জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর নামক স্থানে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ভটভটি দিয়ে ও ইট-পাটকেল ছুরে যানবাহন দু’টির গতি রোধ করে। দুর্বৃত্তরা এ সময় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ সময় শ্যামলীর চালক বাচ্চু মিয়া  কোচ থেকে যাত্রীদের  দ্রুত নামতে সহযোগিতা করেন এবং পরে পেট্রোল বোমা ছুড়ে মারা হয় বলে জানান তিনি। এ সময় আতংকে দরজা ও জানালা দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৪ জন কোচ যাত্রী আহত হন। এরা হলেন- আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের ফজের আলী (৬৪), মুকুল হোসেন (৩৬), ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের তুহিন আকতার (২৮) ও সুইটি বেগম (২১)। এদের মধ্যে মুকুল হোসেন, তুহিন আকতার ও সুইটি বেগমকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচ যাত্রী নাইচ বেগম ও ফজের আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরেই মটরসাইকেল যোগে উত্তরদিকে পালিয়ে যায়।
ট্রাক হেলপার মানিক হোসেন জানান, একই সময়ে কোচের পেছনে থাকা কলা ভর্তি ট্রাকেও (নং ঢাকা মেট্রো-ড-১১-১৬৯৮) পেট্রোল বোমা মারে দৃর্বৃত্তরা। জয়পুরহাট সদরের দুর্গাদহ বাজার থেকে কলা কিনে ট্রাকে করে মুন্সিগঞ্জ নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে জয়পুরহাট থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বলেন, শ্যামলী পরিবহনটি পুলিশের স্কট ছাড়াই যাচ্ছিল। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।