জীবন মেন্ডিসের ফিটনেসের অপেক্ষায় শ্রীলঙ্কা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৯
 
 
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেট দল তাদের লেগ-স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিসের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছে।
 
বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থান এখন গ্রুপ ‘এ’র তালিকায় চতুর্থ। নিজেদের প্রথম খেলায় স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হারলেও পরবর্তী খেলায় আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে লড়বে মেলবোর্নে।
 
গত মঙ্গলবার মেলবোর্নে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেন্ডিস এখন আইসিসি’র ডাক্তারদের অপেক্ষায় আছেন। তাদের কাছ থেকে ইনজুরির রিপোর্ট পাওয়ার পর এটি পাঠিয়ে দেয়া হবে বিশ্বকাপ ইভেন্টের টেকনিক্যাল কমিটির কাছে।
 
মেন্ডিসের ইনজুরির কারণে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস এবং কোচ মারভান আতাপাত্তুর অনুরোধে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে লঙ্কা দলের নির্বাচকরা। ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্কাকে মেলবোর্নে থাকা দলের সঙ্গে যোগ দিতে বলেছেন তারা। মেন্ডিসের ইনজুরির প্রাথমিক রিপোর্টে বলা হয়-চোট কাটিয়ে উঠতে তার ১০ দিন সময় লেগে যেতে পারে। কিন্তু চোটের তীব্রতা কেমন এবং তা কাটিয়ে উঠতে কেমন সময় লাগতে পারে তা সঠিকভাবে জানার জন্য পরবর্তী মূল্যায়নের প্রয়োজন পড়ছে। ইনজুরিতে পড়লেও মেন্ডিস লঙ্কানদের খেলা বিশ্বকাপের দুই ম্যাচেই ছিলেন। ম্যাচ দু’টি থেকে তিনটি উইকেট নেয়ার পাশাপাশি ১৩টি রান করেন তিনি।

—ক্রিকইনফো