পুঁজিবাজারে বড় দরপতন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫৪



বুধবার পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৮ পয়েন্ট। একইসঙ্গে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক। উভয় পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব বৃদ্ধির খবরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বৃদ্ধি পেয়েছে। এজন্য বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়েছে। আর বিক্রি বাড়ার ফলে বেড়েছে লেনদেন।

তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৬৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৫টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।

ডিএসই জানিয়েছে, এ্যাম্বি ফার্মার শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপ। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি ২৬৫ টাকায় অবস্থান করা কোম্পানিটির শেয়ারদর ২৫  ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ টাকায়।