রেলসহ সরকারি-বেসরকারি মূল্যবান সম্পদের উপর সারাদেশেই নাশকতার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা। এসব নাশকতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের সাথে রাত জেগে রেল লাইন পাহারায় নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করতে দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিনকে।
জানা গেছে, দেশের বৃহৎ উপজেলা হিসেবে পরিচিত নরসিংদী রায়পুরা উপজেলা। এ উপজেলাধীন রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট-ময়মনসিংহ-চট্রগ্রাম রেল সড়ক। এর মধ্যে ২৭ কিলোমিটার রেল পথ, ৬টি রেল স্টেশন ও ১৩টি রেল সেতু এ উপজেলায় রয়েছে। উপজেলা সদরেই অবস্থিত নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিস ও সাবস্টেশন। দেশব্যাপী চলমান নাশকতাকারীদের মূল লক্ষই এসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনার উপর। আর এসব সম্পদ রক্ষার দায়িত্বে ১০৪ জন আনসার, ৬৩ জন গ্রামপুলিশ ও ৭২ জন খালাসি রয়েছে। অসংখ্য নিরাপত্তাকর্মী থাকা সত্বেও নিয়মিত অফিসের কাজকর্ম শেষ করে তাদের সাথে রাত জেগে উপজেলাধীন রেল লাইন, রেল স্টেশন, রেল সেতু, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন মূল্যবান সম্পদ পাহারা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম স্বদেশ ঘোষসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, দেশের সম্পদ রক্ষা করাই আমাদের মূল্য লক্ষ্য। বিশেষ করে রাতে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেই সময় আমাদের উপস্থিতি তাদের মনে সাহস জোগায়। তাই প্রতিরাতেই রাতের অধিকাংশ সময় তাদের সাথে শেয়ার করি।
