গাইবান্ধা জেলা কারাগারে ৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুস সাত্তার (৫৪) বৃহস্পতিবার সকালে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আব্দুস সাত্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের কজিম উদ্দিন মিয়ার ছেলে। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
গাইবান্ধা জেলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার হাফিজুর রহমান জানান, আব্দুস সাত্তার জমি সংক্রান্ত বিরোধ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত ২০১৩ সালের ২ জুন থেকে গাইবান্ধা জেলা কারাগারে ছিলেন। বুধবার সকালে তিনি শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. আবুল আজাদ মন্ডল বলেন, বুধবার সাত্তারকে হাসপাতলে আনা হয় তিনি বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
আব্দুস সাত্তারের দ্বিতীয় পুত্র কামরুজ্জামান জানান, তার বাবা হাঁপানী রোগি ছিলেন। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি তিনি জেলখানায় তাকে সুস্থ দেখে এসেছেন। তিনি আরও জানান, তার পিতার হাসপাতালে ভর্তির খবর তারা জানতেন না। জেল কর্তৃপক্ষ তার পিতার মৃত্যুর পর তাদের খবর দেয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়না তদন্তের পর তার পিতার লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
