বোমা আতংকে ধানমন্ডির কাকলি স্কুল বন্ধ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫১
 
রাজধানীর ধানমন্ডিতে কাকলি স্কুল এন্ড কলেজে বোমা আতংকে ক্লাসসহ যাবতীয় কার্যক্রম একদিনের জন্য বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।  শুক্রবার সকাল ৭ টার দিকে হাতবোমা সদৃশ্য ৫ টি বস্তু দেখে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে আতংক ছড়ানোর জন্য বস্তুগুলো রাখা হয়েছিল।
ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ধানমন্ডির ১৭৯, সাতমসজিদ রোডে কাকলি স্কুল এ্যান্ড কলেজ অবস্থিত। সকালে স্কুল খুলতেই শিক্ষার্থীদের একজন ব্যাগটি দেখতে পেয়ে বিষয়টি শিক্ষককে জানায়। মুহুর্তের মধ্যেই স্কুলে বোমা আতংক ছড়িয়ে পড়ে। নিরাপদস্থানে নিজ নিজ বাচ্চাদের নিতে এ সময়ে অভিভাবকরা ব্যস্ত হয়ে পড়েন। স্কুলের ভিতর ও বাইরে এ সময়ে অনেক বাচ্চা ও তাদের মাকে কাদঁতেও দেখা যায়।
ওসি আরোও জানান, কাকলি স্কুলের প্রবেশমুখে ককটেল রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ সেখান থেকে একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে স্কচটেপ মোড়ানো বোমা সাদৃশ্য পাঁচটি বস্তু উদ্ধার করে। থানায় নিয়ে সেগুলো বোমা বিশেষজ্ঞদের সামনে খুললে দেখা যায় বস্তুর ভিতরে কোনও বিস্ফোরক দ্রব্য নেই। শুধু বালু ভরে রাখা হয়েছে। এ ব্যাপারে ধানমন্ডি থানায় স্কুলটির পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।