রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার ভোরে পুরানা পল্টনের কালভার্ট রোডের ‘স্বদেশ টাওয়ারে’ এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন ঐ ভবনের নিরাপত্তারক্ষী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর সোয়া ৫টার দিকে স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধোঁয়ায় ঐ ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার, মিজান, শাহজাহান ও জাকির গুরুতর অসুস্থ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পল্টন থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
