কাগজে-কলমে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পাশাপাশি দেশ। তবে দূরত্বের দিক থেকে অস্ট্রেলিয়ার কোনো কোনো শহর নিউজিল্যান্ড থেকে পৃথিবীর আরেক প্রান্তের মতো দূরত্বে যেন। এই যেমন অকল্যান্ড থেকে পার্থ; যেন পৃথিবীর দুই প্রান্ত। গতকাল এই দুই শহরে বিশ্বকাপের যে দুটি ম্যাচ হল, চরিত্রের দিক থেকেও একেবারে আকাশ-পাতাল ব্যবধান রইলো। পার্থে সংযুক্ত আরব আমিরাতকে হেসে খেলে ৯ উইকেটে হারালো ভারত। আর অকল্যান্ডে একেবারে দম আটকানো ক্রিকেটে শেষ মুহূর্তের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটের জয় পেলো নিউজিল্যান্ড।
আগে ব্যাট করে ট্রেন্ড বোল্টের দূরন্ত ফাস্ট বোলিংয়ে মাত্র ১৫১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া; বোল্ট ২৬ রানে নেন ৫ উইকেট। এই ‘সামান্য’ রান পাড়ি দিতে গিয়ে ব্রেন্ডন ম্যাককালামের খুনে ব্যাটিংয়ে ৭.৪ ওভারেই ৭৮ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ম্যাচ নিয়ে তখন আর কারো আগ্রহ থাকার কথা নয়। কিন্তু এখান থেকেই নাটকীয়তার শুরু হলো।
৭৮ থেকে ৭৯ রানে ৩ উইকেট হারালো নিউজিল্যান্ড। ১৪৫ রান তুললো স্বাগতিকরা ৭ উইকেট হারিয়ে। তখনও জয় এমন কিছু কঠিন নয়। কিন্তু ম্যাচে এর আগেই ৪ উইকেট নিয়ে ফেলা অস্ট্রেলিয় পেসার মিশেল স্টার্ক পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ১৪৬ রানে ৯ উইকেট ফেলে দিলেন নিউজিল্যান্ডের। শেষ অবদি অবশ্য কেন উইলিয়ামসন ছক্কা মেরে নাটকের অবসান করলেন, দলকে ১ উইকেটের জয় এনে দিলেন।
এদিকে পার্থে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। জবাবে একটিমাত্র উইকেট হারিয়ে, রোহিত শর্মার ফিফটিতে অনায়াস জয় তুলে নেয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
আজকের খেলা
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
ভোর ৪:০০
পাকিস্তান-জিম্বাবুয়ে (সকাল ৯:৩০)
