গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন যাত্রীবাহী বাসের পাঁচ যাত্রী। রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সফিপুর বাসস্টেশন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক নিজাম উদ্দিন মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার মো. কফিল উদ্দিনের পুত্র।
কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানা গেছে, ভোরে যাত্রীবাহী একটি বাস চান্দরা যাওয়ার পথে উপজেলার সফিপুর বাসস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক চালক মো. নিজাম উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই নিহত ও যাত্রীবাহী বাসের পাঁচ যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোনাবাড়ী হাই ওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস আটক করা হয়েছে।
