পুঁজিবাজারে গেল ফেব্রুয়ারিতে নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৮৬ শতাংশ। ফেব্রুয়ারিতে বিদেশিরা মোট ৩১ কোটি ৭৪ লাখ টাকা নিট বিনিয়োগ করেছেন। জানুয়ারিতে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ টাকা। অর্থাত্, ফেব্রুয়ারিতে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন—দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশিরা বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে তারা যত শেয়ার কিনেছেন তার চেয়ে বেশি বিক্রি করেছেন। এতে বিদেশি বিনিয়োগ কমে গেছে। গেল মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনও কমেছে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৫০১ কোটি ৮৭ লাখ টাকা। ফেব্রুয়ারি মাসে লেনদেন নেমে এসেছে ৪৭০ কোটি ৪২ লাখ টাকায়। অর্থাত্, গত মাসে মোট লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৩১ কোটি ৮৩ লাখ টাকার।
এ দিকে, রবিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের স্যোশাল ইসলামী ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় এ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এসআইবিএলের দর বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ব্যাংকটির শেয়ারদর বিবেচনায় ঘোষিত লভ্যাংশ লাভজনক বিবেচনা করায় কোম্পানিটিতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ফলে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে এসআইবিএল চতুর্থ নম্বরে উঠে এসেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১৩ কমে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৫৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫০ কমে ১৪ হাজার ৪৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭১ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ১৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।
