অবরোধ-হরতালে রাজধানীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক

আপডেট : ০১ মার্চ ২০১৫, ২১:৫৭
 
 
 
 
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালে রবিবার রাজধানীতে কোনো ধরনের প্রভাব পড়েনি। জীবনযাত্রা ছিল স্বাভাবিক। নগরীর অধিকাংশ সড়কে ছিল তীব্রযানজট। তবে সকালের দিকে নগরীর তিনটি স্থানে পার্ককরা দুটি বাস ও একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপর দিকে মহানগর পুলিশ গত ২৪ ঘণ্টায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রমনা, বংশাল, কদমতলী, তেজগাঁও, মিরপুর, ও বাড্ডা থেকে তাদের গ্রেফতার কর করা হয়।
পুলিশ জানিয়েছে—রবিবার সকাল সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার পুনম সিনেমা হলের সামনে একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রায়েরবাগে পৌঁছে আগুন নেভায়। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান—সকালে রায়েরবাগে বিআরটিসি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়ার সময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে যায়। ওই বাসে কী ভাবে আগুন ধরিয়ে দেয়া হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রায় একই সময়ে গুলিস্তানের ফুলবাড়িয়ায় নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে দুটি ইউনিট ঘটনাস্থনে পৌঁছে আগুন নেভায়। এখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই অগ্নিকাণ্ডে তিনটি যানবাহনের অধিকাংশ পুড়ে গেছে।
অন্য দিকে, সকাল ১১টার দিকে ধানমন্ডি এলাকার ৮/এ সড়কে পার্ককরা একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।