বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা, ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপন সংক্রান্ত অনলাইন গ্রাহকসেবা চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই)। ফলে এখন থেকে বৈদেশিক বিনিয়োগকারীরা অনলাইনে ভিসা ও ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপনের জন্য আবেদন করতে পারবেন। এর প্রেক্ষিতে বিনিয়োগ বোর্ডও অনলাইনে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
রবিবার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল, আইএফসি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার কাল এফ. কেলোফার, নিটল নিলয় গ্রপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বিওআই নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বৈদেশিক বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। শিগগিরই শিল্পনীতি-২০১৫ ঘোষণা করা হবে বলেও তিনি জানান। এস এ সামাদ বলেন, এ পদ্ধতীর মাধ্যমে ১৬ পাতার পরিবর্তে এখন মাত্র এক পাতার ফরম পূরণ করতে হয়। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক সহায়তায় বিওআই অনলাইন গ্রহকসেবা চালু করেছে।
