পঞ্চগড়ে পেট্রলবোমায় ২টি বাস ভস্মীভূত

আপডেট : ০২ মার্চ ২০১৫, ১৫:৪১
সোমবার ভোর ৪টার সময় পঞ্চগড় সার্কিট হাউসের সামান্য অদূরে পঞ্চগড়  তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া বাস স্ট্যান্ড এলাকায়  দুষ্কৃতিকারীরা পাশাপশি দাঁড়িয়ে থাকা ২টি বাসে পেট্রলবোমা মেরে জ্বালিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন এসে গাড়ি ২টির আগুন নেভায়। কিন্তু এর আগেই বাস ২টি পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। 
প্রত্যক্ষদর্শী জানায়, হঠাৎ বিকট শব্দ হয়ে বাসটিতে আগুন লেগে যায় । এর অল্প কিছুক্ষণ পর পুরো বাসটি আগুনে পুড়ে যায়। তারা  আরো জানায় , পেট্রলবোমা মেরেই দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। 
এছাড়া প্রায় একই সময়ে পঞ্চগড়ের জগদল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ও টুনির হাট আওয়ামী লীগ অফিসেও অগ্নি সংযোগ করা হয়। এসময়  সেখানে পাহারারত আনসার সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 
এদিকে, বাস পোড়ানো ও আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের পর পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।  
পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সাবেক পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল খালেককে ইতোমধ্যে গ্রেফতার করেছে। এছাড়াও অনান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।