গুলশান কার্যালয়ে কোকোর চেহলাম অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০১৫, ২২:০৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম  বুধবার তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যালয়ে সকাল থেকেই কোরানখানির মাধ্যমে চেহলাম শুরু হয়। বাদ আসর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বেগম খালেদা জিয়া ছাড়াও মোনাজাতে অংশ নেন- বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম,সাবেক এমপি মেজর (অব.) আকতারুজ্জামান,তারেক রহমানের ভায়রা বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার শফিউজ্জামান খান,খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন এবং তার দুই ছেলে আকিদ ও আসাদ।
এ ছাড়া ৩ জানুয়ারি থেকে অবস্থানকারী চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, একান্ত সচিব আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) আব্দুল মজিদ, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী।
কার্যালয়ের দ্বিতীয় তলায় বসে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
কোরআনখানি উপলক্ষে কার্যালয়ে বেলা সোয়া ১১টার দিকে বাড্ডার আজিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম,আনিসুর ইসলাম আনিস,মো.আব্দুর রহমান, শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও মীর হোসেন দিনব্যাপী কোরআন তেলাওয়াত করেন। ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে আয়োজিত কোরাআন খতমে অংশ নেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তার কক্ষে বসে কোরাআন তেলাওয়াত করেন বলে জানান তার মিডিয়া উইং কর্মকর্তারা।
দোয়া শেষে কার্যালয়ের ভেতর ও বাইরে  তবারক হিসাবে তেহেরী বিতরন করা হয়। মীরপুরের শাহ আলী (রহ) এর মাজার থেকে ডেক ভর্তি এ তেহারি আসে।
কোকোর মৃত্যুর ৪০ দিন পূর্ণ হয়  বুধবার। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান কোকো।