বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা, আগুন

আপডেট : ০৫ মার্চ ২০১৫, ২১:৪২
 
বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অগ্নি সংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের নবাববাড়ী সড়কে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল । দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে এক কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় ।
 জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত  ৮টার পর জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নেয়। পরে তারা নবাববাড়ি সড়ক হয়ে চলে যায়। আগুন লাগানোর খবর পেয়ে থানা ও ফাঁড়ির  পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে । পরে মকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল বাসার জানান, দুর্বৃত্তরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি ।