বাংলাদেশে বর্তমান প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে জ্বালানির ব্যবহার ১০ শতাংশ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘দ্য থ্রি-ই প্রোগ্রাম অ্যানার্জি, ইফিসিয়েন্সি অ্যান্ড এনগেজমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। নার্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) ও ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ডেনিডা) যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্নি ফুয়েল ইস্কজার এবং এনসিসিআইয়ের প্রেসিডেন্ট শামীম-উল-হক প্রমুখ।
অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশ ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। আগামী দিনগুলোতে এ হার আরো বাড়বে। বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের এ ধারা অব্যাহত থাকলে আগামীতে জ্বালানির ব্যবহারও ১০ শতাংশ বাড়বে।’
গভর্নর বলেন, ‘অনেকেই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার জানেন না। এ জন্য জ্বালানিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’ তিনি জানান, ‘বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে ৪৭টি গ্রিন প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে ২৩টি জ্বালানি খাতের। যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আরো নতুন নতুন গ্রিন প্রোডাক্ট তৈরি করবে।’
