নাট্য সংগঠন প্রাঙ্গণে মোর-এর আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘দুইবাংলার নাট্যমেলা ২০১৫, রবীন্দ্রনাট্য ও অন্যান্য’ শীর্ষক সপ্তাহব্যাপী নাট্য উত্সব। বাদ্যির তালে তালে প্রদীপ প্রজ্বলন ও উত্সব মেন্যুতে স্বাক্ষর করে গতকাল সন্ধ্যায় সম্মিলিতভাবে এই উত্সব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব ড.রণজিত্ কুমার বিশ্বাস, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ইন্ধিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
সাতদিনব্যাপী এই উত্সবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে মোট বারোটি নাটক মঞ্চায়ন করা হবে।
উদ্বোধন পর্ব শেষে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের পূর্ব-পশ্চিম নাট্যদলের ‘রক্তকরবী’ ও একইসময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাংলাদেশের সময় নাট্যদলের নাটক ‘ভাগের মানুষ’।
আজ দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে আয়োজক সংগঠন প্রাঙ্গণে মোর-এর ‘শেষের কবিতা’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’।
এছাড়া উত্সবে মঞ্চায়ন হবে প্রাঙ্গণে মোর-এর ‘শ্যামাপ্রেম’, মহকাল নাট্য সম্প্রদায়ের ‘নিশীমন বিসর্জন’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’, নাট্যতীর্থের ‘কঙ্কাল’, ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় আরেকজন’ ও ‘মেয়েটি’। ভারতের নয়ে নটুয়া নাট্যদলের ‘হাওয়াই’ মঞ্চায়নের মধ্য দিয়ে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার শেষ হবে সপ্তাহব্যাপী এই নাট্য উত্সব। সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে খালেদ খান পদক। আগামী উত্সব থেকে সেরা নাটক ও সেরা অভিনয় শিল্পী ক্যাটাগরিতে প্রদান করা হবে খালেদ খান পদক।
