দাউদকান্দিতে আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) নামে এক চালককে হত্যা করে একটি সিএনজি অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের রামনগর-জিংলাতলী নতুন সড়ক থেকে সিএনজি অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে চালক আনোয়ার হোসেন দুই লাখ টাকা ঋণ নিয়ে সারে চার লাখ টাকায় একটি সিএনজি অটোরিক্সা ক্রয় করেন। ঋণের টাকা শোধ করতে আনোয়ার হোসেন রাতের বেলায় এবং তার ছেলে নজরুল ইসলাম দিনের বেলায় গাড়িটি চালাত। শনিবার সন্ধ্যায় গৌরীপুর-সাচার-কচুয়া সড়ক দিয়ে আনোয়ার হোসেন যাত্রীসহ গাড়িটি নিয়ে বের হয়। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রবিবার সকালে রামনগর-জিংলাতলী নতুন সড়কের পাশে থেকে মুখে কস্টেপ দিয়ে মুড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আনোয়ার হোসেন মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর মেহাম্মদপুর (আটিপাড়া) গ্রামের মৃত আছাদ মিয়ার পুত্র।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুখমণ্ডল কস্টেপ দিয়ে প্যাচানোর কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আনোয়ার মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
