মালির উত্তরাঞ্চলে জাতিসংঘ বাহিনীর একটি ঘাঁটিতে রবিবার জঙ্গিদের গোলাবর্ষণে এক শান্তিরক্ষী ও দুই শিশু নিহত হয়েছে। খবর: এএফপির।
জাতিসংঘের এমআইএনইউএসএমএ বাহিনী জানায়, রোববার ভোর ৫ টা ৪০ মিনিটে বিদ্রোহীদের শক্তঘাঁটি কিদালে জাতিসংঘের ব্যারাকে ৩০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই কিলোমিটার দূর থেকে জাতিসংঘের ব্যারাকে রকেট নিক্ষেপ করা হয়। পরে এমআইএনইউএসএমএ বাহিনীও গোলা নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়।’
বিবৃতিতে আরো বলা হয়, প্রাথমিক খবরে জানা যায়, জঙ্গিদের গোলা বর্ষণে এক শান্তিরক্ষী নিহত ও আট জন আহত হয়েছে। এছাড়া কম্পাউন্ডের বাইরে একটি তাবুতে রকেটের আঘাতে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ‘অসহনীয়’ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে তাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংঘনকারী বলে উল্লেখ করেছেন। মালিতে জাতিসংঘ বাহিনীও হামলার নিন্দা জানিয়েছে।
মালির উত্তরাঞ্চলের কিদালে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় থাকলেও এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এদিকে শনিবার বামাকোর একটি নাইটক্লাবে হামলাকারীদের খুঁজতে পুলিশ বুলেটপ্রুফ গাড়িতে করে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
মালির রাজধানীর ক্লাবে রাত একটায় অন্তত একজন মুখোশপরা বন্দুকধারী স্বয়ংক্রিয় বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলা চালায়। এতে পাঁচ জন নিহত হয়। নিহতদের মধ্যে দুই ইউরোপীয় ও মালির তিন পুলিশ রয়েছেন।
