সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির হোসেনকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেছেন, ‘ব্রোকারেজ সংক্রান্ত বিভিন্ন ফি এবং চার্জ বাস্তবতার আলোকে সমন্বয় করা প্রয়োজন। পাশাপাশি, সিডিবিএলের সেবাদানে পেশাদারিত্ব বাড়াতে হবে। সিডিবিএলের বর্তমান চেয়ারম্যান পুঁজিবাজার ও বিমা খাতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজারের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘দেশের পুঁজিবাজারের প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তা যাতে ব্যাহত না হয় সে দিকে বিশেষ নজর দেয়া জরুরি। বিশেষ করে পুঁজিবাজার বর্তমানে যে অবস্থায় আছে, তাকে আরো গতিময় করা এবং আধুনিকায়ন করা অত্যন্ত দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, পরিচালক অধ্যাপক ড. আবুল হাসেম, অধ্যাপক ড. এম কায়কোবাদ, ব্রি. জে. মোহাম্মদ মুজিবুর রহমান, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন প্রমুখ।
