রাজধানীর বাংলাবাজারে ব্যবসায়ীকে অপমানের জের ধরে সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বাংলাবাজারের চৌরাস্তা মোড় অবরোধ করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান—বাংলাবাজার চৌরাস্তা মোড়ের অস্থায়ী পুলিশ চেকপোস্টে বেলা সোয়া ১১টার দিকে সদরঘাট গার্মেন্টস এক্সোসরিজ ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি কুদ্দুসকে অপমান করে কিছু পুলিশ সদস্য। হাজি কুদ্দুস বিষয়টি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন।
এ সময় সদরঘাট এলাকার যানচলাচল বন্ধ হয়ে গেলে পুলিশের একটি দল এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দুপুর ১২টার দিকে পুলিশের ওয়ারি জোনের এডিসি মইনুল ইসলাম, মেহেদী হাসান, এসি নুরল আমিন এবং সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা জানালে তারা বিক্ষোভ বন্ধ করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে সদরঘাট গার্মেন্টস এক্সোসরিজ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক হয়।
বৈঠক শেষে এডিসি মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সদরঘাট গার্মেন্টস এক্সোসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান—বৈঠকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
