মানিকগঞ্জে ভুয়া বিচারপতিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৮:১৭
 
মানিকগঞ্জে ফারুকক খান নামের এক ভুয়া বিচারপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক দিনাজপুর সদর উপজেলার নিউ টাউন এলাকার জাবেদ খানের ছেলে।
 
অন্য দুই ব্যক্তি হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামের মৃত আব্দুর মুন্নাফ খানের ছেলে আকবর হোসেন মুন্সি ও আঙ্গারিয়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান।
 
রবিববার বেলা ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। 
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গত কয়েকদিন আগে ফারুক খান (৪০) নিজেকে হাইকোর্টের বিচারপতি দাবি করে সিংগাইর থানায় একটি জমি সংক্রান্ত মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে সুপারিশ করে আসছিলেন।
 
বিষয়টি সন্দেহ হলে সিংগাইর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ঢাকার উত্তরা থেকে ফারুককে গ্রেপ্তার করে। এর আগের দিন ফারুকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকবর ও জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।